ব্যাকগ্রাউন্ডে অত্যধিক ওয়াই-ফাই স্ক্যানিং

কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ওয়াই-ফাই স্ক্যান করলে, এটি সিপিইউ চালু করে, যার ফলে ব্যাটারির চার্জ কমে যায়। অনেক বেশি স্ক্যান করা হলে, ডিভাইসের ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কোনও অ্যাপ PROCESS_STATE_BACKGROUND বা PROCESS_STATE_CACHED অবস্থায় থাকলে সেটি ব্যাকগ্রাউন্ডে চলছে বলে ধরে নেওয়া হয়।

সমস্যা শনাক্ত করা

Android এর জরুরি পরিসংখ্যান

আপনার অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ওয়াই-ফাই স্ক্যান করলে, Play Console-এ আপনাকে সতর্ক করে Android Vitals আপনার অ্যাপের পারফর্ম্যান্স উন্নত করতে সাহায্য করতে পারে। Android-এর জরুরি পরিসংখ্যান অনুযায়ী, কোনও অ্যাপ প্রতি ঘণ্টায় চারবারের বেশি স্ক্যান করলে সেটিকে অতিরিক্ত ওয়াই-ফাই স্ক্যানিং হিসেবে বিবেচনা করা হয়। Play Console-এ আপনি ব্যাটারি সেশনের শতকরা হার চেক করতে পারবেন যা এই আচরণ দেখায়।

ব্যাটারি সেশন-এর সংজ্ঞা প্ল্যাটফর্ম ভার্সনের উপর নির্ভর করে।

  • Android 10-এ, ব্যাটারি সেশন হল ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া সব ব্যাটারি রিপোর্টের সমষ্টি। ব্যাটারি রিপোর্ট বলতে দুটি ব্যাটারি চার্জের মধ্যেকার ব্যবধানকে বোঝায়, যা হয় ২০%-এর কম থেকে ৮০%-এর বেশি অথবা যেকোনও চার্জ লেভেল থেকে ১০০% পর্যন্ত।
  • Android 11-এ, ব্যাটারি সেশন হল নির্দিষ্ট ২৪ ঘণ্টার সময়সীমা।

Google Play কীভাবে Android Vitals ডেটা সংগ্রহ করে সেই সম্পর্কে তথ্য পেতে, Play Console ডকুমেন্টেশন দেখুন।